বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের ক্রিসেন্ট লেকে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্ত করেন এবং একই স্থানে বৃক্ষরোপণ করেন।

তবে এই শুভ উদ্যোগের মাঝেও ফুটে উঠেছে আয়োজকদের চরম অসচেতনতা ও অব্যবস্থাপনার এক মর্মান্তিক চিত্র। পানিতে ছাড়ার আগেই পলিথিনের ভেতরে বেশ কিছু পোনা মাছ মারা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজে মরা মাছের দিকে ইঙ্গিত করে অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জানায়, নিরাপত্তার কড়াকড়ির কারণে মাছ ভর্তি পলিথিন দীর্ঘদিন আটকে রাখা হয় এবং পর্যাপ্ত অক্সিজেনের অভাবে মাছগুলো মারা যায়। অন্যদিকে মৎস্য অধিদপ্তর জানায়, এই কর্মসূচির ব্যবস্থাপনায় তাদের কোনো ভূমিকা ছিল না; সরকারিভাবে প্রফেশনাল টিম থাকলে এমন ঘটনা ঘটত না।

উল্লেখযোগ্য বিষয় হলো, ঘটনাটি নতুন নয়। ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সময় যখন তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, তখনও জিয়া উদ্যানের ক্রিসেন্ট লেকে একইভাবে পোনা অবমুক্ত করতে গিয়ে পলিথিনে অক্সিজেনের অভাবে পোনা মারা যাওয়ার একই ধরনের ঘটনা ঘটেছিল।

দুই দশকের দীর্ঘ ব্যবধান সত্ত্বেও রাজনৈতিক উন্মাদনা ও প্রটোকল-সর্বস্ব আয়োজনের কারণে অবলা প্রাণীর অকাল মৃত্যুর পুনরাবৃত্তি ঘটেছে। প্রটোকল বা রাজনৈতিক ভিড়ের অজুহাতে কোনো প্রাণীর জীবন ঝুঁকির মুখে ফেলা দায়িত্বহীনতারই প্রকাশ। ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক বা রাষ্ট্রীয় কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে লোকদেখানো আয়োজন পরিহার করে সঠিক পরিকল্পনা, পরিবেশ সচেতনতা এবং প্রাণী কল্যাণের ন্যূনতম নিয়ম মানার জন্য জোর দাবি জানাচ্ছে সচেতন মহল।

Leave a Reply